ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যুক্ত হওয়ার বিষয়ে নীতিগত সম্মতি ও আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে এ অবস্থানের কথা তুলে ধরেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
বৈঠকে জবাবে অ্যালিসন হুকার জানান, গাজা পরিস্থিতি নিয়ে এই গুরুত্বপূর্ণ উদ্যোগে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।শনিবার (১০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।
এদিকে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গেও পৃথক বৈঠকে মিলিত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সেখানে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট, মার্কিন ভিসা নীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলুর রহমান। অনুষ্ঠানে ব্যবস্থাপনা ও সম্পদবিষয়ক মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে. রিগাস রাষ্ট্রদূতকে শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাস কর্মকর্তারা, মার্কিন প্রশাসন ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সাবেক কূটনীতিক এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় মাইকেল রিগাস বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব গ্রহণ করে। সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধারা ছিল যুদ্ধবিরতি বাস্তবায়ন ও নিরাপত্তা তদারকির জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠন, যার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।