প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬

পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ সংসদীয় আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধানের প্রার্থিতা পুনর্বহাল করা হয়েছে। হলফনামায় নির্ধারিত স্টাম্প সংযুক্ত না থাকায় তার মনোনয়ন আগে বাতিল করা হয়েছিল।

শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে।

শুনানি শেষে আল রাশেদ প্রধান বলেন, বড় ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও কিছু দলের প্রার্থীরা টিকে যাচ্ছেন, অথচ জাগপা ও জামায়াতসহ কয়েকটি দলের প্রার্থীদের ক্ষেত্রে কঠোরতা দেখানো হচ্ছে। এতে নির্বাচনী মাঠে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় জাগপা সভাপতি তাসমিয়া প্রধান জানান, মাত্র ৩০০ টাকার স্টাম্প সংযুক্ত না করার একটি অনিচ্ছাকৃত ভুলের কারণে প্রার্থিতা বাতিল হয়েছিল। আপিলের পর নির্বাচন কমিশন বিষয়টি বিবেচনায় নিয়ে প্রার্থিতা পুনর্বহাল করেছে।

এদিকে নির্বাচন কমিশন সূত্র জানায়, শনিবার সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে, যা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন নম্বরের আপিল শুনানি অনুষ্ঠিত হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা