অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান সরকার ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে সক্ষম হয়েছে। তিনি জানান, অতীতে যেখানে ভারত আগ্রাসী ভূমিকা পালন করত, সেখানে এখন স্বাধীন কণ্ঠে দেশের স্বার্থ রক্ষা করা সম্ভব হচ্ছে।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগে তিনি বলেন, “সমালোচনা অবশ্যই যৌক্তিক হতে পারে, তবে অনেক সময় তা অতিরঞ্জিত পর্যায়ে চলে যায়। যা করা হয়েছে, সেটার সঠিক স্বীকৃতি দেওয়া প্রয়োজন।”
ড. আসিফ নজরুল বিচার বিভাগের সংস্কারকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, “গুম কমিশন সফলভাবে কাজ করেছে। তার অভিজ্ঞতার ভিত্তিতে আমরা হিউম্যান রাইটস কমিশন গঠন করেছি। বিচার বিভাগে পদ সৃষ্টি, বদলি, পদোন্নতি এবং বাজেটের সকল বিষয় উচ্চ আদালতের হাতে স্থানান্তরিত হয়েছে। দক্ষিণ এশিয়ার যেকোনো মানবাধিকার আইনের চেয়ে আমাদের আইন উন্নত।”
তিনি আরও বলেন, “এই হিউম্যান রাইটস আইন অনুযায়ী শিগগিরই কমিশনে নিয়োগ দেওয়া হবে। এটা সরকারের এক গুরুত্বপূর্ণ সংস্কার এবং দেশের আইন ও মানবাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।”