প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ওমানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির একই পরিবারের তিন সদস্য প্রাণ হারিয়েছেন। সালালাহ শহর থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি উট সড়কে উঠে এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং পরিবারের আরও তিনজন গুরুতর আহত হন।

শুক্রবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে সালালাহর তাম্বেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী মো. শফিউর আলমের স্ত্রী বিলকিস আক্তার, তাদের একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান (সবুজ) এবং বিলকিস আক্তারের মেয়ের স্বামী হারুয়ালছড়ি ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ দিদার।

দুর্ঘটনায় আহত হয়েছেন সাকিবের বোন, তার স্ত্রী এবং তাদের ছোট কন্যা। আহতদের দ্রুত উদ্ধার করে সালালাহর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনদের দাবি, তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

নিহত সাকিবের চাচা মো. জাহাঙ্গীর জানান, কয়েক দিন আগে পরিবারটি মাস্কাট থেকে সালালাহ যান হজরত আইয়ুব (আ.)–এর মাজার জিয়ারত ও ভ্রমণের উদ্দেশ্যে। ভ্রমণ শেষে ফেরার পথে একটি উটের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হলে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, একসঙ্গে তিনজনের এমন বিদায় মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর।

সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল আজম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর ফটিকছড়ির ছোট ছিলোনিয়া গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে। একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যু পুরো এলাকাকে শোকস্তব্ধ করে দিয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা