বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, গত ১৭ বছর দেশে না থাকায় বাস্তব ঘটনাপ্রবাহ সম্পর্কে তার প্রত্যক্ষ ধারণা নেই। তিনি যাদের কাছ থেকে শুনেছেন কিংবা সাম্প্রতিক সময়ে যেসব গণমাধ্যমকর্মীর সঙ্গে যোগাযোগ হয়েছে, তাদের বর্ণনাকেই পুরো সময়ের ইতিহাস বলে ধরে নেওয়া হচ্ছে, যা বাস্তবতার সম্পূর্ণ প্রতিফলন নয়।
শনিবার সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, আমাদের রাজনৈতিক ও সামাজিক পরিসরে একটি অসৌজন্যমূলক সংস্কৃতি গড়ে উঠেছে—অনেকে বক্তব্য দিয়ে চলে যান, অন্যের কথা শোনেন না। তিনি জানান, আজ দীর্ঘ বক্তব্য না দিয়ে কেবল কিছু নাম উল্লেখ করেই নিজের অবস্থান স্পষ্ট করবেন।
তিনি প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর কথা স্মরণ করে বলেন, মিথ্যা মামলায় কারাবন্দি অবস্থায় চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে, অথচ তখন অনেক প্রভাবশালী গণমাধ্যম নীরব ছিল। একইভাবে প্রবীণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের ওপর নির্যাতন, দীর্ঘ কারাভোগ এবং তার পারিবারিক বেদনার কথাও তুলে ধরেন তিনি।
সাংবাদিক শফিক রহমানের কারাবন্দি জীবনের কষ্টের বর্ণনা দিয়ে মাহমুদুর রহমান বলেন, বয়স ও অসুস্থতা সত্ত্বেও তাকে অমানবিক অবস্থায় আটক রাখা হয়েছিল, কিন্তু তখনও গণমাধ্যমের বড় অংশ প্রতিবাদে এগিয়ে আসেনি।
তিনি আরও বলেন, সাংবাদিক কনক সরোয়ারের অপরাধ ছিল একটি রাজনৈতিক বক্তব্য লাইভ সম্প্রচার করা। এ কারণে তাকে এবং তার পরিবারের সদস্যদের ভুয়া মামলায় হয়রানি করা হয়েছে, যা সংবাদমাধ্যমের স্বাধীনতার করুণ বাস্তবতা তুলে ধরে।
মাহমুদুর রহমান বলেন, এসব নাম তিনি ইচ্ছাকৃতভাবে উল্লেখ করেছেন, কারণ অন্যথায় হয়তো এসব ত্যাগ ও নিপীড়নের ইতিহাস আলোচনায় আসত না। শেষে তিনি তারেক রহমানকে পরামর্শ দিয়ে বলেন, ইতিহাস শোনার ক্ষেত্রে আরও বিস্তৃত দৃষ্টিভঙ্গি প্রয়োজন। সুযোগ পেলে তিনি বাংলাদেশের গণমাধ্যমের পাঁচ দশকের প্রকৃত ইতিহাস তুলে ধরতে চান।
অনুষ্ঠানে তারেক রহমান নিজে উপস্থিত থেকে দেশের শীর্ষস্থানীয় সম্পাদক, সাংবাদিক ও মিডিয়া নির্বাহীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ঊর্ধ্বতন নেতারাও উপস্থিত ছিলেন।