প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গণমাধ্যমকর্মীদের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬

দেশের গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১১ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বনানীর একটি হোটেলের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাতীয় পর্যায়ের শীর্ষস্থানীয় গণমাধ্যম সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও মিডিয়া নির্বাহীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এ সময় তার পাশে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জাতীয় দৈনিকের সম্পাদক, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের প্রধান নির্বাহী, বার্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অভিজ্ঞ ও প্রবীণ সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ সময় ধরে নানা রাজনৈতিক বাস্তবতা ও পরিস্থিতির কারণে দলের প্রধান তারেক রহমানের সঙ্গে গণমাধ্যম সংশ্লিষ্টদের সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়নি। সেই ঘাটতি পূরণ করতেই বিএনপির পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ প্রায় দেড় যুগ যুক্তরাজ্যে অবস্থানের পর গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই ৩০ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়।

এরপর শুক্রবার (৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। দায়িত্ব গ্রহণের পরদিনই তিনি দেশের গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা