প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ব্রিজের সয়েল টেস্টের পর মিলল গ্যাসের অস্তিত্ব: এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি ব্রিজ নির্মাণের প্রস্তুতিমূলক কাজ চলাকালে মাটির নিচ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা সামনে এসেছে। সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে গ্যাস নির্গমন বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি করেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজারসংলগ্ন একটি খালের পাড়ে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে হেলফ প্রকল্পের আওতায় সেখানে ৪৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজটি পেয়েছেন ঠিকাদার সাইফুল ইসলাম শেখ এবং তদারকির দায়িত্বে রয়েছে হাতিয়া উপজেলা এলজিইডি। নির্মাণকাজ শুরুর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ওই স্থানে প্রায় ১১২ ফুট গভীরে মাটি পরীক্ষা সম্পন্ন করা হয়। কাজ শেষের পর পরদিন বিকেলে হঠাৎ করে সয়েল টেস্টের ওই স্থান থেকে গ্যাস বের হতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাসের উপস্থিতি যাচাই করতে স্থানীয়রা আগুন ধরালে সেখানে আগুন জ্বলে ওঠে। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

স্থানীয় বাসিন্দা বাপ্পি জানান, বিষয়টি কীভাবে ঘটছে বা এটি প্রকৃত গ্যাস কি না তা তারা নিশ্চিত নন। তবে নিজের চোখে আগুন জ্বলতে দেখে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তার মতে, যদি এটি প্রাকৃতিক গ্যাস হয়ে থাকে, তাহলে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করা জরুরি।

হাতিয়া উপজেলা প্রকৌশলী এমদাদুল হক জানান, মাটির নিচ থেকে গ্যাস নির্গমনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে বিষয়টি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-কে অবহিত করা হবে।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, তিনি ঘটনাটির কথা শুনেছেন, তবে এখনো সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা