প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১৯ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ: নদী অববাহিকায় ঘন কুয়াশার সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬

দেশের ১৯টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নদী অববাহিকাগুলোতে কুয়াশার প্রভাব বাড়ার আশঙ্কাও করা হয়েছে।

শনিবার (— জানুয়ারি) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। কোথাও কোথাও এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা দেখা দিতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর-পূর্ব শ্রীলঙ্কা উপকূলসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুপুর বা বিকেলের মধ্যে উত্তর শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা