স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িত প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি।
ওই কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন প্রধান শুটার জিনাত ও ঘটনার সম্ভাব্য পরিকল্পনাকারী বিল্লাল। আটক অপর একজন এই দুজনের সহযোগী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য ও নেপথ্যের আরও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের তেজতুরী বাজার এলাকায় স্টার হোটেলের পাশের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির (৪৫)। এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।