প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

মধ্যরাতে গুলশান কার্যালয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৬

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির সর্বোচ্চ নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হলে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন চেয়ারম্যান নির্ধারণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলের গঠনতন্ত্র অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে জাতীয় স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে জানান, সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রাত ১০টার পর দলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, স্থায়ী কমিটির অনুমোদনের মধ্য দিয়ে তারেক রহমান গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির এই বৈঠকটি গত সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে যায়। এর আগে ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঙ্গিত দিয়েছিলেন, খুব শিগগিরই তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি ১৯৮৪ সালের ১০ মে থেকে দীর্ঘ সময় ধরে দলটির নেতৃত্ব দেন। তার মৃত্যুর পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান পদ শূন্য হয়।

২০১৮ সালে কারাবন্দি অবস্থায় বেগম খালেদা জিয়া তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেন। বিএনপির গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারার (৩) উপধারা অনুযায়ী, চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সেই বিধান অনুসারেই তারেক রহমান দায়িত্বপ্রাপ্ত হলেও শুক্রবার রাতে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা