প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

না ফেরার দেশে বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শোয়াইব আহমেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৫ সালের ভর্তি পরীক্ষায় দেশসেরা হওয়া মেধাবী শিক্ষার্থী শোয়াইব আহমেদ আর নেই। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের মতো জটিল রোগে ভুগে শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, শোয়াইব আহমেদ লাইফ সাপোর্টে ছিলেন। শনিবার (১০ জানুয়ারি) বাদ জোহর তার নিজ গ্রাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

 

ঢাকার নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করে ২০১৫ সালে বুয়েট ভর্তি পরীক্ষায় অংশ নেন শোয়াইব। হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি প্রথম স্থান অর্জন করেন এবং পরে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ভর্তি হন।

 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। এক শোকবার্তায় তারা বলেন, শোয়াইব আহমেদ ছিলেন অসংখ্য শিক্ষার্থীর অনুপ্রেরণার নাম। ভর্তি পরীক্ষায় তার সাফল্য অনেককেই বুয়েটে পড়ার স্বপ্ন দেখাতে সাহস জুগিয়েছিল।

 

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, ‘১৫০৬০০১’—এই আইডি কেবল একটি রোল নম্বর নয়, বরং মেধা ও অধ্যবসায়ের এক উজ্জ্বল প্রতীক। অসামান্য সাফল্যের পরও শোয়াইব ছিলেন অত্যন্ত বিনয়ী ও শান্ত স্বভাবের মানুষ। দীর্ঘ রোগভোগের পর আজ তিনি চিরনিদ্রায় শায়িত হলেন।

 

বিশ্ববিদ্যালয়জুড়ে তার মৃত্যুতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা