উপদেষ্টা পরিষদের সম্প্রতি অনুষ্ঠিত সভায় ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশোধন অধ্যাদেশ-২০২৬, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশ-২০২৬ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ-২০২৬-এর খসড়া ও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ বনজ শিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ-২০২৬-এর খসড়া অনুমোদন পেয়েছে।
বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এসব তথ্য জানান। তিনি বলেন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উদ্বেগ বিবেচনায় ডাটা লোকালাইজেশন বিধানে পরিবর্তন আনা হয়েছে। শুধুমাত্র ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে দেশে ডেটা সংরক্ষণ বাধ্যতামূলক থাকবে। সাধারণ ব্যক্তিগত ডেটার ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে এবং কোম্পানির ক্ষেত্রে কারাদণ্ডের পরিবর্তে অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে, যা বিদেশি বিনিয়োগ ও ক্লাউডভিত্তিক সেবার জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করা হয়।
শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশের বিষয়ে তিনি জানান, একাডেমির বিভাগ সংখ্যা ৯টি করা হয়েছে। এতে থিয়েটার, চলচ্চিত্র, আলোকচিত্র, নৃত্য ও পারফরম্যান্স আর্ট, সংগীত, চারুকলা, গবেষণা ও প্রকাশনা, নিউ মিডিয়া এবং কালচারাল ব্র্যান্ডিং ও উৎসব ব্যবস্থাপনার জন্য পৃথক বিভাগ স্থাপন করা হয়েছে। এছাড়া বোর্ডে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিধান রাখা হয়েছে, যা সাংস্কৃতিক বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি বৃদ্ধি করবে।
বাংলাদেশ বনজ শিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ-২০২৬-এর খসড়া সম্পর্কে তিনি বলেন, ১৯৫৯ সালের ফরেস্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্ডিন্যান্সকে যুগোপযোগী করে নতুন কাঠামো প্রণয়ন করা হয়েছে। এতে বনজ সম্পদের টেকসই ব্যবহার, পণ্য বৈচিত্র্য, শোরুম স্থাপন এবং যৌথ উদ্যোগের সুযোগ রাখা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রণীত ‘হার্ট ন্যাশনালি ডিটারমাইন কন্ট্রিবিউশন (এনডিসি-৩)’ ভূতাপেক্ষ অনুমোদনও সভায় হয়েছে। এতে ২০৩৫ সালের জন্য নির্ধারিত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের লক্ষ্য ৮৪.৯৭ মিলিয়ন টন, যার মধ্যে নিজস্ব সক্ষমতায় ২৬.৭৪ মিলিয়ন টন এবং আন্তর্জাতিক সহায়তা পেলে আরও ৫৮.২৩ মিলিয়ন টন নিঃসরণ হ্রাসের পরিকল্পনা রয়েছে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান ও উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।