প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অবৈধভাবে অনুপ্রবেশ করা দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত থেকে আটক করা দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেয়া হয়। বৃহস্পতিবার (০৮ জানুয়ারী) সকালে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন, বিজিবির ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান।

ফেরত দেয়া দুই ভারতীয় নাগরিক হলেন, পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের দেবেন মোহলদারের ছেলে বাচ্চন মোহলদার ও সন্তোষ মহোলদারের ছেলে রাজু মোহলদার। তারা দুজনেই মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।

বিজিবি অধিনায়ক বলেন, বুধবার দুপুরে চাড়ালডাংগা সীমান্তের ২১৯ নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন সিরামের দাড়া বিলে নিজ নিজ দেশের সীমানায় মাছ ধরছিলেন বাংলাদেশ ও ভারতের জেলেরা। এ সময় বাচ্চন ও রাজু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় চলে আসলে তাদের ধরে আনে বাংলাদেশি জেলেরা। পরে কেতাববাজার এলাকা থেকে ওই দুই ভারতীয় নাগরিককে জেলেদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসে বিজিবি।

বিজিবি অধিনায়ক আরও বলেন, এঘটনার পর দুই নাগরিককে ফেরত চেয়ে অনুরোধ জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এর প্রেক্ষিতে বুধবার (০৭ জানুয়ারী) বিকেল ৪ টার দিকে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ৫টার দিকে বাচ্চন ও রাজুকে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি সদস্যরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা