প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ: নিহতের হাতের কব্জিসহ উড়ে যায় ঘরের চাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬

শরীয়তপুরের জাজিরা উপজেলায় হাতবোমা প্রস্তুতের সময় ভয়াবহ বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের পর নিহতের মরদেহ পাশের একটি পেঁয়াজ ক্ষেতে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অন্যরা।

আজ বৃহস্পতিবার ভোরে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি এলাকায় সাগর বেপারীর একটি সদ্য নির্মিত বসতঘরে এ ঘটনা ঘটে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম সোহান বেপারী (৩২)। তিনি স্থানীয় দেলোয়ার হোসেন বেপারীর ছেলে। পুলিশ জানায়, বিস্ফোরণের তীব্রতায় সোহানের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘরের চাল উড়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পর সহযোগীরা মরদেহ সরিয়ে পাশের পেঁয়াজ ক্ষেতে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ হাতবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। আহতদের গোপনে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ধারণা করা হলেও তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের দাবি, বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অতীতেও একাধিকবার দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র ও হাতবোমা ব্যবহার করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সাগর বেপারীর স্ত্রী শিল্পী বেগম জানান, নতুন ঘরটিতে তারা এখনো বসবাস শুরু করেননি। ভোরে বিকট শব্দে ঘুম ভাঙলেও ঘরে কারা ছিল, সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এলাকাটি দীর্ঘদিন ধরেই সহিংসতার ঝুঁকিপূর্ণ হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা পর্যাপ্ত নয়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আহতদের অবস্থান খোঁজা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা