প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) খাতের ব্যবসায়ীরা তাদের ঘোষিত ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (৭ জানুয়ারি) প্রশাসনের অভিযান ও জরিমানাকে কেন্দ্র করে এলপিজি ব্যবসায়ীরা সারা দেশে সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দেন। একই সঙ্গে সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল।

ধর্মঘট ঘোষণার আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বিইআরসির নির্ধারিত নতুন এলপিজি মূল্য পুনর্বিবেচনার দাবি জানান। পাশাপাশি পরিবেশকদের বিরুদ্ধে প্রশাসনিক হয়রানি ও জরিমানা বন্ধের আহ্বান জানানো হয়।

ব্যবসায়ীদের অভিযোগ ছিল, প্রতি মাসে এলপিজির মূল্য সমন্বয়ের ক্ষেত্রে বিইআরসি পরিবেশকদের সঙ্গে আলোচনা না করেই সর্বশেষ ৪ জানুয়ারি নতুন দাম ঘোষণা করেছে। তারা ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন।

শেষ পর্যন্ত বিইআরসির সঙ্গে আলোচনার পর পরিস্থিতির উন্নতি হওয়ায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি। এতে করে বাজারে এলপিজি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা