প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাশিয়ার তেল ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬

ভেনিজুয়েলার উপকূল থেকে উত্তর আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী রাশিয়ার একটি তেল ট্যাংকার জব্দ করেছে। তবে মস্কো বুধবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

ওয়াশিংটনের দাবি, জাহাজটি একটি ‘ছায়া নৌবহরের’ অংশ এবং মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ভেনিজুয়েলা, রাশিয়া ও ইরানের তেল পরিবহন করছিল। জাহাজটির নিরাপত্তায় রাশিয়ার নৌবাহিনী থাকলেও শেষ রক্ষা হয়নি।

পেন্টাগন প্রধান পিট হেগসেথ বলেন, “ভেনিজুয়েলার তেলের ওপর মার্কিন অবরোধ বিশ্বের যে কোনো প্রান্তে কার্যকর থাকবে।”

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় এই ঘটনায় আন্তর্জাতিক জলসীমায় নৌচলাচলের স্বাধীনতার উপর জোর দিয়েছেন। একই সময়ে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ক্যারিবীয় সাগরে দ্বিতীয় একটি ট্যাংকারও জব্দ করা হয়েছে। এতে গত এক মাসে মোট চারটি জাহাজ ওয়াশিংটনের নিয়ন্ত্রণে এসেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাহাজে থাকা রুশ ক্রুদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানালেও হোয়াইট হাউস জানিয়েছে, তাদের যুক্তরাষ্ট্রে বিচারের জন্য আনা হতে পারে।

জাহাজটি ‘বেলা-১’ নাম ধারণ করলেও সম্প্রতি ‘মারিনেরা’ নামকরণ করা হয়েছে। হোয়াইট হাউস এটিকে ‘রাষ্ট্রহীন’ হিসেবে অভিহিত করেছে। গত মাসে জাহাজটিকে ভেনিজুয়েলায় আটক করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তখন এটি পালিয়ে যায়।

মার্কিন ইউরোপীয় কমান্ড জানিয়েছে, একটি ফেডারেল আদালতের অনুমোদনের ভিত্তিতে জাহাজটি জব্দ করা হয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা