প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বর্তমান প্রশাসনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব : মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলেও আশার বার্তা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তিনি বলেছেন, বর্তমান প্রশাসনের অধীনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ প্রকাশ করেন।

তফসিল ঘোষণার আগে নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের অভিজ্ঞতা বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বাস্তব পরিস্থিতির মধ্য দিয়েই একজন কর্মকর্তার দক্ষতা ও অভিজ্ঞতা তৈরি হয়। যদি তাদের মনোভাব সঠিক থাকে, তারা সঠিক পথে চলেন, তাহলে তারা সফল হতে পারবেন।”

শেখ আব্দুর রশীদ আরও বলেন, মাঠ প্রশাসনের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ক্ষেত্রে নির্দিষ্ট অভিযোগ বা বিচ্যুতি পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, তবে ঢালাওভাবে কারও বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া হবে না।

তিনি বলেন, সরকার মনে করছে মাঠ প্রশাসন নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুত ও সক্ষম। তবে কোনো সুনির্দিষ্ট অভিযোগ এলে তা গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা