সরকার বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এলপিজি গ্যাসের আমদানি ও স্থানীয় উৎপাদনে ভ্যাট এবং ট্যাক্স পুনর্নির্ধারণ করেছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনের মাধ্যমে আমদানি করা এলপিজির ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং স্থানীয় পর্যায়ে তা ৭.৫ শতাংশে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, এলপিজি আমদানি প্রসঙ্গে ব্যাংক ঋণ এবং এলসি খোলার প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এলপিজি গ্যাসকে ‘গ্রিনফুয়েল’ হিসেবে ঘোষণা করে কর কাঠামো পুনর্বিন্যাসের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে।
দেশে ব্যবহৃত মোট এলপিজির প্রায় ৯৮ শতাংশই বেসরকারি খাতের মাধ্যমে আমদানি করা হয়, যা শিল্প খাত এবং গৃহস্থালিতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। শীতকালে আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমে যাওয়ায় এবং পাইপলাইনের প্রাকৃতিক গ্যাস সরবরাহ হ্রাসের কারণে দেশেও চাহিদা বেড়ে যায়, ফলে ভোক্তারা তীব্র সংকটের মুখে পড়ছেন।