প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উত্তরার বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাঁচ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে গত বছরের ২১ জুলাই বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা নিহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মৃত্যুতে দায়ী হিসেবে পাইলটের ত্রুটি, বিমানবাহিনীর রক্ষণাবেক্ষণে অবহেলা এবং ভবন নির্মাণের ত্রুটিকে উল্লেখ করেছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রধান দাবিগুলো হলো:
১. তদন্ত রিপোর্টে উল্লেখিত পাইলটের উড্ডয়নজনিত ত্রুটি ও স্কুলের বিল্ডিং কোড লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের শাস্তি নিশ্চিত করা এবং সাবেক বিমানবাহিনী প্রধানের বিরুদ্ধে তিন হাজার কোটি টাকার দুর্নীতি তদন্ত ও ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা।
২. শহীদ পরিবারগুলোর নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য হাইকোর্টের রিট অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিত করা।
৩. নিহতদের ‘শহীদী মর্যাদা’ ও সনদ প্রদান এবং স্মরণে মেমোরিয়াল নির্মাণ।
৪. প্রতি বছর ২১ জুলাই ‘জাতীয় শিক্ষা শোক দিবস’ হিসেবে পালন, উত্তরায় আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণ ও শিশুদের কবরের স্থায়ী রক্ষণাবেক্ষণ।
৫. ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় পুনর্বাসন নিশ্চিত করা।

পরিবারগুলো জানিয়েছেন, সরকারি পক্ষ থেকে দেওয়া ক্ষতিপূরণের প্রাথমিক প্রস্তাব—নিহতদের ২০ লাখ ও আহতদের ৫ লাখ টাকা—তাদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। ২৯ ডিসেম্বর সংবাদমাধ্যমে প্রকাশিত ১ কোটি টাকার প্রস্তাবও তারা প্রত্যাখ্যান করেছেন এবং সুনির্দিষ্ট ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

তারা আরও জানান, ইতিপূর্বে হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন (নম্বর ১১৮৪২/২০২৫) ও উপদেষ্টাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো এখনো কার্যকর হয়নি। পরিবারগুলো প্রশাসনের জরুরি হস্তক্ষেপের মাধ্যমে বিদেহী আত্মার শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা