ময়মনসিংহের ভালুকায় কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাস (২৮) হত্যার ঘটনায় মো. ইয়াছিন আরাফাত (২৫) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে বহুল আলোচিত এই মামলায় এখন পর্যন্ত মোট ২১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন।
পুলিশ জানায়, বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের সহায়তায় ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত ইয়াছিন ভালুকা থানার দক্ষিণ হবিরবাড়ি কড়ইতলা মোড় এলাকার গাজী মিয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, দীপু হত্যার পর ইয়াছিন প্রায় ১২ দিন ধরে আত্মগোপনে ছিলেন। এ সময় তিনি দেশের বিভিন্ন মাদরাসায় অবস্থান করেন এবং পরিচয় গোপন করে চলাফেরা করেন।
তদন্তে পাওয়া তথ্যে জানা যায়, ঘটনার দিন পাইওনিয়ার ফ্যাক্টরির গেটে লোকজন জড়ো করা ও স্লোগান দেওয়ার পেছনে ইয়াছিনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। উত্তেজিত জনতাকে উসকে দিয়ে তিনি নিজেও দীপুকে মারধরে অংশ নেন। হত্যার পর মরদেহ রশি দিয়ে টেনে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নেওয়া এবং সেখানে লাশ পোড়ানোর ঘটনাতেও তার নেতৃত্ব ছিল বলে পুলিশ দাবি করেছে।
তদন্ত কর্মকর্তারা আরও জানান, ইয়াছিন আরাফাত দীর্ঘদিন ধরে ধর্মীয় পেশার আড়ালে ছিলেন। তিনি ভালুকার স্থায়ী বাসিন্দা হলেও গত প্রায় দেড় বছর ধরে উপজেলার কাশর এলাকায় শেখবাড়ি মসজিদে ইমামতি এবং মদিনা তাহফিজুল কোরআন মাদরাসায় শিক্ষকতা করতেন। হত্যাকাণ্ডের পর তিনি ঢাকার ডেমরা এলাকার বিভিন্ন মাদরাসায় আত্মগোপন করেন এবং ‘সুফফা মাদরাসা’ নামে একটি প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবেও যোগ দেন।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলমান আছে।