রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন অপরাধ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সালাউদ্দিন আহমদ বলেন, কিছু বিচ্ছিন্ন সহিংস ঘটনার মাধ্যমে পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। তবে এসব ঘটনা আসন্ন নির্বাচনের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং শেষ পর্যন্ত একটি সফল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অন্য রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে নির্বাচন কমিশনের কাছে তা জানানো যেতে পারে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়ে তিনি জানান, অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সফর করা হবে। এটি কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না। শহীদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা বলেও মন্তব্য করেন তিনি।
চূড়ান্ত মনোনয়ন প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধে ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে আলোচনার মাধ্যমে আরও সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, বুধবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে স্টার কাবাবের পেছনের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আজিজুর রহমান মুসাব্বির। একই ঘটনায় আবু সুফিয়ান ব্যাপারী মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হন। পরে মুসাব্বিরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।