ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে নিহত মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।
এর আগে বুধবার রাত আনুমানিক সোয়া ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় স্টার কাবাবের পেছনের একটি গলিতে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুসাব্বির।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গলির ভেতরে বস্তা নিয়ে বসে থাকা দুই ব্যক্তি মুসাব্বিরকে দেখামাত্র পেছন দিক থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উঠে পালানোর চেষ্টা করলে তার মোবাইল ফোন পড়ে যায়। দুর্বৃত্তরা ফোনটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরেকজন গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, অন্ধকার গলিতে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তাকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, আহত আবু সুফিয়ান মাসুদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।