প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কারওয়ান বাজারে গুলিতে নিহত মুসাব্বিরের মরদেহ নেওয়া হবে নয়াপল্টনে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ রাজধানীর নয়পল্টনে নেওয়া হবে। সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান অফিস কর্মকর্তা মুহা. রেজাউল করিম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুসাব্বির। একই ঘটনায় গুলিবিদ্ধ হন আবু সুফিয়ান ব্যাপারী মাসুদ (৪২), যিনি তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। হামলাটি ঘটে কারওয়ান বাজারে স্টার কাবাবের পেছনের একটি গলিতে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, দুর্বৃত্তরা মুসাব্বিরকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ও আহত মাসুদকে দ্রুত পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী মো. জাবেদ জানান, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে মুসাব্বির ও তার সঙ্গীরা স্টার কাবাবের পাশের গলিতে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি হঠাৎ গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত আবু সুফিয়ানের পেটের বাম পাশে গুলি লেগেছে এবং তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ হামলাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে। দ্রুতই জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা