প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

সিইসি যাচ্ছেন কক্সবাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬

আগের মতো আর কোনো সাজানো বা প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে না—এমন আশ্বাস দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করবে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল কার্যক্রমের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে, তাদের বিষয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশন ন্যায়বিচারে বিশ্বাসী। যারা সংক্ষুব্ধ, তারা আপিলের মাধ্যমে সুবিচার পাবেন।

এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো আপিল গ্রহণ চলছে। সকাল থেকেই বাতিল হওয়া ও বৈধ প্রার্থীদের পক্ষে-বিপক্ষে আপিল জমা দিতে নির্বাচন ভবনে ভিড় করছেন প্রার্থীরা ও তাদের প্রতিনিধিরা। গত তিন দিনে মোট ৩০৯টি আপিল আবেদন জমা পড়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত যে কেউ আপিল করতে পারবেন। এরপর আপিলগুলোর ওপর শুনানি অনুষ্ঠিত হবে, যার জন্য নির্ধারণ করা হয়েছে ৯ দিনের সময়সূচি।

শুনানি শেষে আগামী ১৯ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২০ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং এরপর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামতে পারবেন।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা