প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সহপাঠীর ছুরিকাঘাতে দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬

 

জামালপুর সদর উপজেলায় সহপাঠী বিরুদ্ধে ছুরির আঘাতে মো.জিহাদ (১৫) নামে এক সহপাঠীকে খুন করার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পায়নি পুলিশ।

গতকাল বুধবার (০৭ জানুয়ারী) রাতে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী পশ্চিম গহেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো.জিহাদ ওই এলাকার মো.ফিরোজ মিয়ার ছেলে। ওপরদিকে অভিযুক্ত মুন্না (১৫) একই এলাকার আবুল কাশেমের ছেলে। তারা দুইজনেই স্থানীয় নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্না, ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে সাঈদ (১৫) ও জিহাদসহ কয়েকজন মিলে স্থানীয় জুলহাসের চায়ের দোকানের সামনে মুড়ি ভর্তার আয়োজন করেন। মুড়ি ভর্তা খাওয়ার সময় মুন্নার সাথে জিহাদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে দস্তা-দস্তি হলে তারা জুলহাসের চায়ের দোকানের পাশে চলে যায়। এরমধ্যে মুন্না তার সহপাঠী জিহাদের পিঠের পাশে চাকু দিয়ে আঘাত করে এবং সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত জিহাদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত জিহাদকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। তবে মেয়ে ঘটিত কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে পূর্বে থেকেই বিরোধ চলে আসছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মিজানুর রহমান বলেন, নিহতের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পায়নি। কাউকে গ্রেপ্তার করাও হয়নি। তবে তদন্তে আসল ঘটনার কারন বের হয়ে আসবে বলে জানিয়েছেন তিনি।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা