জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভোট প্রদানকারী সব শিক্ষার্থীর সিদ্ধান্তকে সম্মান জানানোর কথা বলেছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম।
বুধবার (৭ জানুয়ারি) মধ্যরাতে নির্বাচনের ফল ঘোষণা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত সচেতন ও প্রজ্ঞাবান। নিজেদের বিবেচনা অনুযায়ী যাকে যোগ্য মনে করেছেন, তাকেই তারা ভোট দিয়েছেন।
তিনি আরও বলেন, কেউ ছাত্রদলকে সমর্থন করেছেন, কেউ আবার আমাদের প্যানেলকে বেছে নিয়েছেন—সব সিদ্ধান্তই সম্মানের। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি, সবার রায়ের প্রতিই আমার সমান শ্রদ্ধা রয়েছে।
‘ভূমিধস বিজয়’ প্রসঙ্গে প্রশ্নের জবাবে রিয়াজুল ইসলাম বলেন, তিনি এ ধরনের শব্দ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তার ভাষায়, জয় বা পরাজয় মানুষের হাতে নয়—সবকিছু মহান আল্লাহর ইচ্ছাতেই নির্ধারিত হয়। ছাত্র সংসদ নির্বাচন মূলত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার একটি প্রক্রিয়া মাত্র।
নির্বাচন শেষে শিক্ষার্থীদের মধ্যে কোনো বিভাজন তৈরি হোক—এমনটি তিনি চান না উল্লেখ করে নবনির্বাচিত ভিপি বলেন, নির্বাচনের আগে যেভাবে অন্যান্য প্যানেলের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হয়েছে, ভবিষ্যতেও একইভাবে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে চান তিনি।