প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)—এই তিনটি গুরুত্বপূর্ণ পদেই জয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।

চূড়ান্ত ফল অনুযায়ী, সহসভাপতি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট।

সহসাধারণ সম্পাদক পদেও জয় ধরে রেখেছে একই প্যানেল। মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট।

গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও একটি হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনের মাধ্যমে ভোট গণনা শুরু হয়।

তবে গণনার সময় প্রযুক্তিগত ত্রুটি ও ফলাফলে অসঙ্গতি দেখা দেওয়ায় দীর্ঘ সময় ভোট গণনা বন্ধ থাকে। পরে গভীর রাতে পুনরায় গণনা শুরু হলে ধাপে ধাপে ফলাফল নিশ্চিত করা হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল—নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। সেখানে মোট ১ হাজার ২৪২ জন ভোটারের মধ্যে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা