বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন। এটি তারেক রহমানের সঙ্গে ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূতের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ বলে জানা গেছে।
ঘণ্টাব্যাপী আলোচনার পর বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং চীনের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে।
তিনি বলেন, চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। ভবিষ্যতে বিএনপি কীভাবে দেশ পরিচালনা ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, সে বিষয়েও মতবিনিময় হয়েছে। পাশাপাশি বাংলাদেশে উন্নয়ন কার্যক্রমে চীনের সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা হয়।
এক প্রশ্নের উত্তরে হুমায়ুন কবির জানান, চীন বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। তারা তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা গুরুত্বের সঙ্গে দেখছে এবং ভবিষ্যৎ নেতৃত্বে তার ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে।
এ সময় চীনা রাষ্ট্রদূত সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্যক্তিগত ও রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করেন বলেও জানান তিনি।