প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২৩ কেন্দ্রের ফল প্রকাশ: ভিপি-জিএস-এজিএসে শিবির প্যানেল এগিয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা কার্যক্রম অব্যাহত রয়েছে। ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২৩টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এখনও ফল আসেনি ১৬টি কেন্দ্রের।

সর্বশেষ প্রকাশিত তিন কেন্দ্রের ফলাফল যুক্ত হলে মোট ফলাফলে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম এগিয়ে রয়েছেন। একই সঙ্গে জিএস ও এজিএস পদেও এগিয়ে আছেন সংগঠনটির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা।

২৩ নম্বর কেন্দ্র শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে রিয়াজুল ইসলাম (ছাত্রশিবির) পেয়েছেন ৯৭ ভোট এবং একেএম রাকিব (ছাত্রদল) পেয়েছেন ৯২ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ (ছাত্রশিবির) পেয়েছেন ১০২ ভোট, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) পেয়েছেন ৪৪ ভোট। এজিএস পদে মাসুদ রানা (ছাত্রশিবির) পেয়েছেন ৯১ ভোট এবং তানজিল (ছাত্রদল) পেয়েছেন ৮৪ ভোট।

২২ নম্বর কেন্দ্র ইসলামিক স্টাডিজ বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (ছাত্রশিবির) পেয়েছেন ২০৩ ভোট, একেএম রাকিব (ছাত্রদল) পেয়েছেন ৭৭ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ (ছাত্রশিবির) পেয়েছেন ১৭৮ ভোট এবং খাদিজাতুল কুবরা (ছাত্রদল) পেয়েছেন ৩২ ভোট। এজিএস পদে মাসুদ রানা (ছাত্রশিবির) পেয়েছেন ১৫৩ ভোট, তানজিল (ছাত্রদল) পেয়েছেন ১২৫ ভোট।

২১ নম্বর কেন্দ্র গণিত বিভাগের ফলাফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম (ছাত্রশিবির) পেয়েছেন ২০৩ ভোট এবং একেএম রাকিব (ছাত্রদল) পেয়েছেন ১১১ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ (ছাত্রশিবির) পেয়েছেন ২১৫ ভোট, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) পেয়েছেন ৫৯ ভোট। এজিএস পদে মাসুদ রানা (ছাত্রশিবির) পেয়েছেন ১৮১ ভোট এবং তানজিল (ছাত্রদল) পেয়েছেন ১১০ ভোট।

এর আগে প্রকাশিত ফলাফলে দেখা যায়, সঙ্গীত বিভাগে ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব ১২৫ ভোট পেলেও শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মাত্র ৪ ভোট। ওই কেন্দ্রে শিবিরের জিএস ও এজিএস প্রার্থী কোনো ভোট পাননি। অন্যদিকে এজিএস পদে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৮ ভোট।

এছাড়া বোটানি বিভাগ, চারুকলা অনুষদ, মলিকুলার অ্যান্ড বায়োকেমিস্ট্রি বিভাগ, দর্শন বিভাগ, মাইক্রোবায়োলজি ও ফিন্যান্স বিভাগ, সিএসই বিভাগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফার্মেসি ও সঙ্গীত বিভাগসহ একাধিক কেন্দ্রের ফলাফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ফল ঘোষণার পর চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা