প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে সাত দিন থাকবে কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে টানা সাত দিনের জন্য সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোটের চার দিন আগে থেকে ভোটের পরের দুই দিন পর্যন্ত অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে নিরাপত্তা বাহিনী।

এ বিষয়ে বুধবার (৭ জানুয়ারি) একটি পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিপত্রে উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারির ভোটকে কেন্দ্র করে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এ সময়সীমায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হবে।

পরিপত্র অনুযায়ী, ভোটের আগের চার দিন, ভোটের দিন এবং ভোট-পরবর্তী দুই দিন মিলিয়ে মোট সাত দিন আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।

এবারের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় পৌনে ১৩ কোটি। দেশের ৩০০ সংসদীয় আসনে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে দুই লাখ ৬০ হাজারের মতো ভোটকক্ষ স্থাপন করা হচ্ছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচনকালীন নিরাপত্তায় মোট ৭ লাখের বেশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে আনসার ও ভিডিপি সদস্য থাকবেন প্রায় সাড়ে ৫ লাখ। সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা থাকবে ৯০ হাজারের বেশি। এ ছাড়া পুলিশ, র‌্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডও দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া দুটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার, কমিশনার, সচিব, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর নিরাপত্তা জোরদার করে।

তফসিল ঘোষণার আগে দুই দফা এবং তফসিল ঘোষণার পর বর্তমান পরিস্থিতি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইন-শৃঙ্খলাবিষয়ক পরিপত্র জারি করেছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা