নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন।আজ বুধবার এনজিও ব্যুরো কার্যালয়ে ৮১টি সংস্থার অংশগ্রহণে ‘এলায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (এএফইডি)’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইসি সানাউল্লাহ বলেন, “২০২৬ সালের নির্বাচনকে যদি একটি রূপক দিয়ে বোঝাই, তবে এটি অনেকটা লাইনে না থাকা একটি ট্রেনকে আবার লাইনে ফিরিয়ে চালু করার মতো। কিছু গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন ও ন্যূনতম সংস্কারের মাধ্যমে আমরা নির্বাচনকে গতি দেওয়ার চেষ্টা করছি। যদি আমরা এতে সফল হই, এটাকেই আমরা প্রথম বড় সাফল্য হিসেবে বিবেচনা করব।”
তিনি আরও বলেন, পর্যবেক্ষকরা নির্বাচন প্রক্রিয়ার তৃতীয় নয়ন। তাদের পর্যবেক্ষণ মানসম্মত হওয়া অত্যন্ত জরুরি। মৌলিক নিয়ম ও নীতিমালা যাতে ব্যাহত না হয়, সে বিষয়টি নিশ্চিত করার জন্য সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।