প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পাতানো নির্বাচন হলে দেশ ক্ষতির মুখে পড়বে— ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার আশঙ্কা, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে অতীতের মতো আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিকে দেশ এগিয়ে যেতে পারে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ডা. তাহের বলেন, এর আগেও এমন পরিস্থিতিতে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। একই ধরনের নির্বাচন পুনরায় অনুষ্ঠিত হলে তা দেশের জন্য শুভ ফল বয়ে আনবে না।

তিনি আরও জানান, আসন্ন নির্বাচন নিয়ে জামায়াত ইউরোপীয় ইউনিয়নকে তাদের প্রত্যাশার কথা জানিয়েছে। দলটি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। তবে বাস্তবতায় প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দিচ্ছে বলে তাদের কাছে প্রতীয়মান হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ও নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

এ সময় তিনি বলেন, ভবিষ্যতে জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে সমন্বয়ের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।

১১ দলীয় জোটের আসন সমঝোতা প্রসঙ্গে ডা. তাহের বলেন, এনসিপিকে মাত্র ১০টি আসন দেওয়া হচ্ছে—এমন তথ্য ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। তিনি জানান, জোটের আসন ভাগাভাগি নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা