জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে ভিপি পদে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল এগিয়ে থাকলেও জিএস ও এজিএস পদে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল।
বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে অবস্থিত অডিটোরিয়ামের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের পক্ষে ফল ঘোষণা করেন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম এবং অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।
ভিপি (সহ-সভাপতি) পদে ফলাফল: ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ১ হাজার ৬৭১ ভোট।
অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম অর্জন করেছেন ১ হাজার ৪২৪ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে: এই পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ১ হাজার ৫৮৭ ভোট।
ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট।
এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে: শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ১ হাজার ৪৬৬ ভোট।
তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী তানজিল পেয়েছেন ১ হাজার ২৯৭ ভোট।
এদিকে বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা শেষ হলে ফলাফলের চিত্রে আরও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।