দেশের ৪৪টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
বুধবার (৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে, যা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে এবং কুয়াশার প্রকোপ বাড়তে পারে। শুক্রবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) থেকে রোববার (১১ জানুয়ারি) পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এই সময় রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে শীত ও কুয়াশার দাপট আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।