প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী সোমবার (১২ জানুয়ারি) রাতে তিনি ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন। তার এই আগমনকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

জেলা বিএনপির একাধিক সূত্র জানায়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ রায়হানুল হাসান, আল মামুন, সাহান পারভেজ ও রাকিবুল হাসানের প্রতি শ্রদ্ধা জানানো এবং দলের সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেওয়াই তারেক রহমানের এই সফরের মূল উদ্দেশ্য।

নির্ধারিত সূচি অনুযায়ী, ১২ জানুয়ারি রাতে বাই রোডে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন তিনি। নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত না হলেও শহরের বুরো বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্র (গেস্ট হাউস)-এ তিনি রাত্রিযাপন করবেন।

পরদিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ আল মামুনের কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চার শহীদের কবর ভিন্ন ভিন্ন স্থানে হওয়ায় সময়ের সীমাবদ্ধতার কারণে আল মামুনের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে বলে জানিয়েছে জেলা বিএনপি।

এরপর বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি। দোয়া মাহফিল শেষে প্রায় এক ঘণ্টা নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। কর্মসূচি শেষ করে একই দিন তিনি পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়ের উদ্দেশে রওনা হবেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১২ জানুয়ারি রাতে ঠাকুরগাঁওয়ে আসছেন। যেহেতু তিনি সড়কপথে আসবেন, তাই সুনির্দিষ্ট সময় এখনো বলা যাচ্ছে না। তিনি রাতে বুরো বাংলাদেশ গেস্ট হাউসে অবস্থান করবেন।”

তিনি আরও বলেন, “২০০৩ সালে শীত মৌসুমে কম্বল বিতরণ কর্মসূচিতে তারেক রহমান সর্বশেষ ঠাকুরগাঁও এসেছিলেন। দীর্ঘ ২৩ বছর পর তার আগমন জেলা বিএনপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের।”

পয়গাম আলী জানান, সফরকে কেন্দ্র করে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নির্বাচনী আচরণবিধির কারণে বড় সমাবেশ না হলেও স্মরণসভা ও দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচি সফল করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও হওয়ায় তারেক রহমানের এই সফর রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, এই সফরের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে বিএনপি নতুন করে সংগঠিত ও উজ্জীবিত হবে।

এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসন।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফর উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা