মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়ে নওগাঁ জেলায় তীব্র শীতের প্রকোপ দেখা দিয়েছে। উত্তরের হিমেল বাতাসের সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতি আরও বেড়েছে। এতে স্বাভাবিক জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। ঠান্ডার কারণে প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হতে পারছে না, ফলে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের আয়-রোজগারে বড় ধরনের প্রভাব পড়েছে।
শীত থেকে বাঁচতে অনেককে খড়কুটো ও শুকনো জ্বালানি পুড়িয়ে আগুন জ্বালাতে দেখা গেছে। একই সঙ্গে জেলায় ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে।
বুধবার (সকাল ৬টা) নওগাঁ জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছর এখন পর্যন্ত সারা দেশের মধ্যে সর্বনিম্ন। এর আগে মঙ্গলবার রাজশাহীতে তাপমাত্রা নেমেছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, টানা তিন সপ্তাহ ধরে বিরূপ আবহাওয়ার প্রভাব পড়ছে জনজীবনে। বুধবার সকাল ৬টায় রেকর্ড হওয়া ৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন। বর্তমানে জেলায় মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ চলছে এবং আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।