প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ছয় কেন্দ্রের ফলে শীর্ষ তিন পদে এগিয়ে অদম্য জবিয়ান ঐক্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬

দীর্ঘ অপেক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে। ৩৯টি কেন্দ্রের মধ্যে প্রাথমিকভাবে ছয়টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)—এই তিন গুরুত্বপূর্ণ পদেই এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা।

 

বুধবার (৭ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ড. আনিসুর রহমান সিএসই বিভাগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ফল ঘোষণা করেন। এর আগে ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান এবং ফার্মেসি বিভাগের ফল প্রকাশ করা হয়।

ভিপি পদে ফলাফল (৬ কেন্দ্র মিলিয়ে):

সহসভাপতি পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম মোট ৫৮৫ ভোট পেয়ে শীর্ষে অবস্থান করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন ৫২৭ ভোট।

 

জিএস পদে ফলাফল:

 

সাধারণ সম্পাদক পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ ছয় কেন্দ্র মিলিয়ে ৫৭৭ ভোট অর্জন করে এগিয়ে রয়েছেন। বিপরীতে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৭৭ ভোট।

 

এজিএস পদে ফলাফল:

 

সহসাধারণ সম্পাদক পদে মাসুদ রানা পেয়েছেন মোট ৫১৩ ভোট। একই পদে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিলের প্রাপ্ত ভোট ৪৭২।

 

কেন্দ্রভিত্তিক চিত্র:

 

ভূগোল ও পরিবেশ বিভাগ: ভিপি, জিএস ও এজিএস—তিন পদেই অদম্য জবিয়ান ঐক্য প্যানেল এগিয়ে।

 

নৃবিজ্ঞান বিভাগ: ভিপি ও জিএস পদে অদম্য জবিয়ান ঐক্যের জয়; এজিএস পদে জয় পায় ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান।

 

লোকপ্রশাসন বিভাগ: ভিপি পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান এগিয়ে থাকলেও জিএস ও এজিএস পদে জয়ী অদম্য জবিয়ান ঐক্য।

 

ফার্মেসি বিভাগ: তিনটি শীর্ষ পদেই বড় ব্যবধানে অদম্য জবিয়ান ঐক্যের প্রার্থীরা এগিয়ে।

 

সিএসই ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ: উভয় বিভাগেই ভিপি, জিএস ও এজিএস পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা বেশি ভোট পেয়েছেন।

 

 

নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব কেন্দ্রের ফল প্রকাশের মাধ্যমে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা