প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জকসু নির্বাচন: চার বিভাগের ভিপি-জিএস-এজিএসে এগিয়ে শিবির প্যানেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের চারটি বিভাগের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার (৭ জানুয়ারি) সকাল প্রায় ৭টার দিকে এই আংশিক ফল ঘোষণা করা হয়।

 

প্রকাশিত ফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম এগিয়ে রয়েছেন। চারটি বিভাগের ভোট গণনায় তিনি মোট ৪২৮ ভোট অর্জন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমর্থনে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৩৯৫ ভোট।

 

সাধারণ সম্পাদক (জিএস) পদেও অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী এগিয়ে আছেন। এই পদে আব্দুল আলীম আরিফ পেয়েছেন ৪১৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরার প্রাপ্ত ভোট ২০৬।

 

সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৪০৮ ভোট। একই পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৩০৬ ভোট।

 

নির্বাচন কমিশন জানিয়েছে, অবশিষ্ট বিভাগগুলোর ভোট গণনা এখনো চলমান রয়েছে। গণনা শেষ হলে পর্যায়ক্রমে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

 

উল্লেখ্য, মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রে মোট ১৭৮টি বুথে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা