প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ম্যানুয়াল গণনার মাধ্যমে পুনরায় শুরু হচ্ছে জকসুর ভোট গণনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা আবার শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, শুরুতে হাতে-কলমে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে এবং পরে যাচাইয়ের জন্য মেশিনের মাধ্যমে পুনরায় গণনা করা হবে।

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ভোট গণনা সাময়িকভাবে বন্ধ রাখার পর বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র ভিপি-জিএস ও এজিএস প্রার্থী, নির্বাচন কমিশনের সদস্য এবং শিক্ষক সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি।

 

তিনি জানান, পরীক্ষামূলকভাবে একটি কেন্দ্রের প্রায় ৩০০টি ব্যালট প্রথমে ম্যানুয়ালি গণনা করা হবে। এরপর একই ব্যালট দুটি ভিন্ন মেশিনে গণনা করা হবে। যে মেশিনের ফলাফল হাতে করা গণনার সঙ্গে মিলবে, সেই মেশিন ব্যবহার করে পর্যায়ক্রমে বাকি ভোট গণনা সম্পন্ন করা হবে।

 

উল্লেখ্য, বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হলেও ৩৯টি কেন্দ্রের ব্যালট বাক্স বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে অবস্থিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছায়। মাগরিবের নামাজের পর ভোট গণনা শুরু হলে দেখা যায়, দুটি মেশিনে একই ব্যালটের ফল আলাদা দেখাচ্ছে। দীর্ঘ সময় চেষ্টা করেও সমস্যার সমাধান না হওয়ায় নির্বাচন কমিশন ভোট গণনা স্থগিত করে।

 

এর আগে গত ৪ জানুয়ারি সন্ধ্যায় নির্বাচন কমিশনের আয়োজনে সব প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীদের উপস্থিতিতে মক ভোট অনুষ্ঠিত হয়। সে সময় মেশিনের মাধ্যমে ভোট গণনার পক্ষে লিখিত মতামত দেন সব প্রার্থী। ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা ও এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিলও ওই সিদ্ধান্তে অংশ নিয়ে স্বাক্ষর করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা