প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টেকনিক্যাল জটিলতায় তিন ঘণ্টা ধরে বন্ধ জকসু ভোট গণনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক সমস্যার কারণে টানা তিন ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ভোট গণনা স্থগিতের ঘোষণা দেয়।

 

নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান জানান, ভোট গণনার জন্য দুটি ভিন্ন কোম্পানি থেকে ছয়টি মেশিন সংগ্রহ করা হলেও প্রযুক্তিগত ত্রুটির কারণে তা কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে ভোট গণনা স্থগিত রাখা হয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সংসদের সব ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”

 

তবে প্রার্থীদের সঙ্গে বৈঠক শুরু হওয়ার প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ভোট গণনা পুনরায় শুরু বা বিকল্প পদ্ধতি নির্ধারণে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিশন।

 

এর আগে বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হলেও ৩৯টি কেন্দ্রের ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে অবস্থিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছায় বিকেল ৫টার দিকে। মাগরিবের নামাজের পর ভোট গণনা শুরু করা হলে দেখা যায়, দুটি মেশিনে একই ব্যালটের ফল ভিন্নভাবে প্রদর্শিত হচ্ছে। দীর্ঘ সময় চেষ্টা করেও এ সমস্যার সমাধান করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত ভোট গণনা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি সন্ধ্যায় নির্বাচন কমিশনের আয়োজনে সব প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীদের উপস্থিতিতে একটি মক ভোট অনুষ্ঠিত হয়। সে সময় মেশিনে ভোট গণনার পক্ষে লিখিতভাবে মত দেন সব প্রার্থী। ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা ও এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিলও সেখানে উপস্থিত থেকে সম্মিলিত সিদ্ধান্তে স্বাক্ষর করেন।

 

তবে ভোটের আগের দিন রোববার (৫ জানুয়ারি) ছাত্রদল সমর্থিত প্যানেল মেশিনের পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি তোলে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা