প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জকসুর ভোট গণনা নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬

যান্ত্রিক সমস্যার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের ভোট গণনা এখনো শুরু করা সম্ভব হয়নি। ভোট গণনার পদ্ধতি ও পরবর্তী করণীয় নির্ধারণে সব প্যানেল এবং স্বতন্ত্র ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন।

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে দুটি আলাদা মেশিনে ভোট গণনা করা হচ্ছে; তবে উভয় মেশিনে ভিন্ন ভিন্ন ফলাফল প্রদর্শিত হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করেছে।

 

ড. আনিসুর রহমান বলেন, “গত তিন দিন ধরে আমরা পরীক্ষামূলকভাবে মেশিনগুলো চালিয়ে দেখেছি। এর আগে কখনো এমন সমস্যার মুখে পড়িনি।” তিনি আরও জানান, বিষয়টি নিয়ে উপাচার্যের কনফারেন্স রুমে সব প্যানেল এবং স্বতন্ত্র ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনার মাধ্যমে একটি সম্মিলিত ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া হবে এবং সে বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে।

 

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন এর আগে দুই দফা পেছানো হয়। সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর নতুন তারিখ ঘোষণা করা হলেও ভোট শুরুর দিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে নির্বাচন স্থগিত করা হয়।

 

পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবারও সিন্ডিকেট সভা আহ্বান করে ৬ জানুয়ারি ভোটগ্রহণের নতুন দিন নির্ধারণ করা হয়।

 

এবারের নির্বাচনে উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং বামপন্থী সংগঠনের ‘মওলানা ভাসানী ব্রিগেড’। পাশাপাশি একটি আংশিক প্যানেল ও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা