জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেনী জেলা শাখার পাঁচ নেতা নিজেদের পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান তারা।
পদত্যাগ করা নেতাদের মধ্যে রয়েছেন- সহসাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ, সহসাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাবু, সদস্য আজিমুল হক, জোনায়েদ হোসেন ও নুরে আজিম।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, আপাতত তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন না। তবে সাধারণ জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবেন।
ওমর ফারুক শুভ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি মধ্যমপন্থার রাজনীতি করবে বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা নিজেদের নীতি ও আদর্শ থেকে সরে এসেছে। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি, এখন স্বেচ্ছায় পদত্যাগ করেছি।” পদত্যাগের কপি এনসিপি জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।
ফেনী জেলা এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক বিষয়টি স্বীকার করে জানান, “পদত্যাগের খবর শুনেছি, তবে আনুষ্ঠানিক চিঠি এখনও পাইনি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”