প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফেরাতে ইসিতে ১২২ আপিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, সেগুলো পুনর্বিবেচনার দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের সংখ্যা বাড়ছে। আপিল গ্রহণের দ্বিতীয় দিনে ইসিতে জমা পড়েছে আরও ১২২টি আবেদন। এতে করে মোট আপিলের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪টি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানানো হয়। এর আগে প্রথম দিনে কমিশনে ৪২টি আপিল আবেদন জমা পড়েছিল।

ইসির নির্ধারিত তফসিল অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি কার্যক্রম চলবে।

এ ছাড়া ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। সব প্রক্রিয়া শেষে ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং একই দিন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২২ জানুয়ারি থেকে। প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রচার চালাতে পারবেন। তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা