বাংলাদেশ ও পাকিস্তানের বিমানবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারসহ জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
পাকিস্তানের সামরিক জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইসলামাবাদে পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু-এর সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে পারস্পরিক আকাশ প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ কার্যক্রম এবং সক্ষমতা উন্নয়নের বিষয়গুলো অগ্রাধিকার পায়। সফররত বাংলাদেশ বিমানবাহিনীর প্রধানকে পাকিস্তান বিমানবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, আলোচনায় জেএফ-১৭ থান্ডার মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত কারিগরি ও কৌশলগত দিকগুলো বিশেষভাবে গুরুত্ব পায়। পাশাপাশি অপারেশনাল সমন্বয়, প্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং যৌথ কর্মপরিকল্পনা জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।
বৈঠকে প্রশিক্ষণ সহযোগিতা, এয়ারোস্পেস ও মহাকাশ প্রযুক্তিতে যৌথ উদ্যোগ এবং ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। পাকিস্তান বিমানবাহিনীর প্রধান তার বাংলাদেশি সমকক্ষকে পিএএফ-এর সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
তিনি বাংলাদেশ বিমানবাহিনীর জন্য বেসিক থেকে অ্যাডভান্সড ফ্লাইং প্রশিক্ষণ, বিশেষায়িত কোর্সসহ পূর্ণাঙ্গ প্রশিক্ষণ সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ এবং দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধ অভিজ্ঞতা ও অপারেশনাল দক্ষতার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের পুরনো বিমান বহরের রক্ষণাবেক্ষণে সহায়তা এবং আকাশ নজরদারি জোরদারে এয়ার ডিফেন্স রাডার সিস্টেম একীভূতকরণে সহযোগিতা কামনা করেন।
সফরের অংশ হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দল পাকিস্তান বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে ন্যাশনাল আইএসআর অ্যান্ড ইন্টিগ্রেটেড এয়ার অপারেশনস সেন্টার, পিএএফ সাইবার কমান্ড এবং ন্যাশনাল অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক।
আইএসপিআর জানায়, এই সফর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা এবং দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার প্রতিফলন।