প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রাথমিকের শিক্ষক নিয়োগে অর্থ লেনদেনে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে কোনো ধরনের অর্থ লেনদেনে জড়িত না হতে সংশ্লিষ্ট সবার প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

অধিদপ্তর জানায়, শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পূর্ণভাবে প্রচলিত নিয়োগ বিধি অনুসরণ করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়। পরীক্ষার্থীদের রোল নম্বর প্রস্তুত, আসন বিন্যাস, প্রশ্নপত্র মুদ্রণ ও সরবরাহ, উত্তরপত্র মূল্যায়ন এবং ফলাফল প্রণয়ন—সবকিছুই আধুনিক সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হয়।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ না থাকে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে পড়ে কোনো প্রকার অর্থ লেনদেন থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ জানানো হচ্ছে। কেউ যদি অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রস্তাব দেয়, তবে তাকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় সোপর্দ করা বা আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে জানানো উচিত।

এ ছাড়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার জন্যও পরীক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা