জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের সময় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্তা করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। একপর্যায়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলেও পরে পুলিশ তাকে ছেড়ে দেয়।
ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নেটিজেনদের একাংশ ঘটনার তীব্র নিন্দা জানালেও অন্য অংশ ভিন্ন মত প্রকাশ করছেন। এ প্রসঙ্গে সরব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভুইয়া মোনামী।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের উদ্দেশে একাধিক প্রশ্ন তুলেছেন। তিনি লেখেন, “এভাবেই কি গণতান্ত্রিক চর্চা করতে চান আপনারা? এত বড় একটি গণঅভ্যুত্থানের পরও আমরা মেয়েদের সম্মান দিতে ব্যর্থ হচ্ছি—এটা ভীষণ লজ্জাজনক।”
পোস্টে তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গনে যে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ছিল, তা থেকে তিনি আজ হতাশ। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য ও আচরণে তিনি একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির আশাবাদী হয়েছিলেন। কিন্তু জকসু নির্বাচনের এই ঘটনা সেই প্রত্যাশাকে প্রশ্নের মুখে ফেলেছে।
সহকারী প্রক্টর মোনামী লেখেন, “ভিন্ন মতের প্যানেলের একজন ভিপি প্রার্থীর স্ত্রী ও জবি শিক্ষার্থী মাহিমা আক্তারকে প্রকাশ্যে হেনস্তা করা হলো। এমনকি জোর করে হিজাব-নিকাব খুলতে বাধ্য করার চেষ্টাও করা হয়েছে। এটি শুধু অমানবিকই নয়, চরমভাবে লজ্জাজনক।”
তিনি আরও প্রশ্ন তোলেন, “এটাই কি সুস্থধারার রাজনীতি? আপনাদের দলের অনেক প্রার্থীও তো পর্দা করেন। তাহলে কি আপনারাও চান না কেউ স্বাধীনভাবে তার ধর্মীয় বিশ্বাস চর্চা করুক?”
পোস্টের শেষাংশে তিনি বলেন, এই বিষয়ে কথা বলায় তাকে নির্দিষ্ট কোনো দলের সমর্থক হিসেবে আখ্যা দেওয়া হতে পারে এবং ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে পারেন—এটা তিনি জানেন। তবে তাতে তিনি বিচলিত নন। তার ভাষায়, “আমি শুধু ন্যায়ের পক্ষে থাকতে চাই। সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা হলে আমি যেকোনো দলের পক্ষেই কথা বলবো। And I shall not be silenced।”