প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জকসু নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন: গণনার অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয়েছে। ভোট শেষে নির্বাচন কমিশন ব্যালট বক্সগুলো ভোট গণনার জন্য নির্ধারিত গণনাকেন্দ্রে পাঠাতে শুরু করেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হলেও বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারির কারণে ভোট দিতে অতিরিক্ত সময় দেওয়া হয়। ফলে বিকেল ৪টার পর শেষ হয় ভোটগ্রহণ। এরপরই ব্যালট বক্সগুলো নিরাপত্তার মধ্য দিয়ে গণনাস্থলের দিকে নিয়ে যাওয়া হয়।

ভোটগ্রহণের সার্বিক অবস্থা নিয়ে দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, এবারের নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ ভোট কাস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, সব কেন্দ্রের তথ্য সংগ্রহ শেষে ভোটের চূড়ান্ত হার জানানো হবে। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশন সামগ্রিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তুলনামূলকভাবে ছোট এবং দীর্ঘদিন পর প্রথমবার জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কিছু সীমিত সমস্যার মুখে পড়তে হয়েছে। তবে ক্যাম্পাসের ভেতরে উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাইরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ছিল।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১৬ হাজারের বেশি শিক্ষার্থী ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা