যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত সম্প্রতি ধরপাকড়ের খবর ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পোস্ট বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষত, বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠার পরিবেশ লক্ষ্য করা গেছে।
সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ একটি তালিকা প্রকাশ করেন। এতে বিভিন্ন দেশের অভিবাসীরা কত শতাংশ সরকারি সুবিধা পাচ্ছেন তা দেখানো হয়েছে। তালিকায় বাংলাদেশি পরিবারগুলোর ৫৪ শতাংশের বেশি সরকারি সহায়তা গ্রহণ করছে, যা ১৯তম অবস্থান দখল করেছে।
ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিবাসীদের নিয়ে বক্তব্য দিচ্ছেন যে, তারা যুক্তরাষ্ট্রের জন্য বোঝা, এবং সরকারি সুযোগ-সুবিধা কমানোর পক্ষে। এ কারণে অনেক অভিবাসীর মধ্যে ভয় সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আইনজীবী মঈন চৌধুরী জানিয়েছেন, “যারা আইন মেনে বৈধভাবে থাকেন, তাদের ভয়ের কোনো কারণ নেই। কিন্তু যারা মিথ্যা তথ্য দিয়ে বা অবৈধভাবে সরকারি সুবিধা নিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি গ্রিন কার্ডও বাতিল হতে পারে।”
এছাড়া ট্রাম্প ক্যালিফোর্নিয়া, নিউইয়র্কসহ পাঁচটি অঙ্গরাজ্যে ১০ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এর ফলে এই অঙ্গরাজ্যে চাইল্ড কেয়ার ও সামাজিক সেবা কার্যক্রম বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।