ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রিকেট সংক্রান্ত সাম্প্রতিক উত্তেজনার পরও দেশের অর্থনীতি ও বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “মুস্তাফিজকে নিয়ে যেটা ঘটেছে, সেটা দুঃখজনক। শুরুটা বাংলাদেশ করেনি। একজন ভালো খেলোয়াড়কে খেলতে যেতে দেয়নি, হঠাৎ বন্ধ করে দেওয়া অপ্রত্যাশিত ও দুঃখজনক। তবে ভারতের সঙ্গে রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্কের ওপর এর কোনো প্রভাব পড়বে না।”
প্রশ্ন করা হলে যে, উত্তেজনার রাজনৈতিক প্রভাব পড়তে পারে কি না, ড. সালেহউদ্দিন বলেন, “এখানে মূলত ইমোশনাল বিষয় কাজ করেছে। দুই পক্ষই বিষয়টি বিবেচনা করবে। আমরা চাই না সম্পর্কের কোনো ব্যাঘাত ঘটুক।”
তিনি আরও বলেন, “মোস্তাফিজ একজন সেরা খেলোয়াড়, তা সবাই স্বীকার করে। বাংলাদেশ যেভাবে রেসপন্স করেছে, তা সম্পূর্ণ যথাযথ। এই ধরনের ঘটনা হলে স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া আসে।”
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা আরও যোগ করেন, “একটি ক্রিয়া এবং তার প্রতিক্রিয়া। তারা আমাদের খেলোয়াড়কে ডেকে নিয়ে প্রত্যাহার করেছে, তাই আমরা যা করেছি তা প্রপার রেসপন্স। বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনসহ বিষয়গুলোও এ প্রক্রিয়ার অংশ। আমরা খেলাটি চালিয়ে যেতে পারব, এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও অব্যাহত থাকবে।”
উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, উভয়পক্ষের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে এবং সম্পর্ক সুস্থভাবে বজায় থাকবে।