প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

র‍্যাব সদস্যের স্ত্রী হত্যার বিচারের দাবিতে উত্তাল সরিষাবাড়ী

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬

জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রী লিপি আক্তার হত্যাকাণ্ডের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো জনপদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী গণময়দান মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী দিগপাইত–তারাকান্দি প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা পুনরায় মিছিল নিয়ে সরিষাবাড়ী থানার সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় পুলিশের শিথিলতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দেন—আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

মানববন্ধনে নিহত লিপি আক্তারের মা কল্পনা বেগম ও বাবা মঞ্জুরুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েকে যারা অন্যায়ভাবে কেড়ে নিয়েছে, তাদের ফাঁসি না দেখা পর্যন্ত আমরা শান্ত হবো না।” সমাবেশে আরও বক্তব্য রাখেন নিহতের বোন মিম ও সালেমা খাতুন, ভাবী মোমনা এবং এলাকাবাসীর পক্ষে সাইফুল ইসলাম। এ সময় নিহত লিপি আক্তারের শিশু সন্তানকে স্বজনদের পাশে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা উপস্থিত জনতাকে আবেগাপ্লুত করে তোলে।

থানায় অবস্থান কর্মসূচি চলাকালে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”

পুলিশের আশ্বাসে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকাবাসী স্পষ্ট করে জানান—আগামী সাত দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা